বৃষ্টি হচ্ছে। কত দিন যে বৃষ্টি দেখি না! আকাশ থেকে এক সময় পানি ঝরতো। সেই পানি ছলাৎছলাৎ করে বাতাস কেটে কেটে নেমে আসতো ধানের ক্ষেতে, বিলের জলে, টিনের চালে, চালতার গাছে, হিজল বনে। ঝরঝর মুখর সেই দিন গুলোকে বলা হতো বাদলা দিন। রাস্তা, খেলার মাঠ, মেঠোপথে কাদা জমে যেতো। কচুর বনের নিচ দিয়ে জমাট পানির স্রোত জমা হতো জলাশয়ে। কৈ, শিং খলশা মাছ ধরার হিড়িক পড়ে চারপাশে। বাজারে মাছের যোগান বেশি হওয়ায় দাম কমে যেতো।




অতি চমৎকার সেই বর্ষনমুখর দিনে ছাতা হাতে এঘর থেকে সে ঘরে যাওয়া হতো। জবুথবু হয়ে ভিজতে দেখা যেত মাঠের গরু ছাগলগুলো। 

দরিদ্রের ভোগান্তির শেষ থাকতো না অবশ্য। তাও চারদিক একরাশ শীতলতায় ছেয়ে যেতো।

মনে হয় এক কোটি বছর ধরে বৃষ্টি দেখি না। বৃষ্টি কেমন সেটাই ভুলে যাচ্ছি। আজ বৃষ্টি হচ্ছে। প্রাগৈতিহাসিক কাল পেরিয়ে আজ সেই চিরচেনা জলধারা দেখছি।

 টিনের চালে ঝুম বৃষ্টি হচ্ছে। ৪০°সে তাপমাত্রা এখানে আজ বিকাল পর্যন্ত স্বাভাবিক ছিলো। 

এই রাতে আবার পৃথিবীর বুকে আছড়ে পড়ছে আকাশ অশ্রুধারা।